বগুড়া · বাংলাদেশ
বগুড়াBogura
জরুরিBreaking
বগুড়া সিটি নিউজ — বগুড়ার স্থানীয় খবর। Bogura City News — local reporting from Bogura, Bangladesh.

ফুড ভিলেজে অতিরিক্ত দাম ও ওয়েটারদের দুর্ব্যবহার: জিম্মি মহাসড়কের যাত্রীরা

ফুড ভিলেজে অতিরিক্ত দাম ও ওয়েটারদের দুর্ব্যবহার: জিম্মি মহাসড়কের যাত্রীরা

​বগুড়া সিটি নিউজ:

উত্তরবঙ্গের মহাসড়কের অন্যতম পরিচিত বিরতিস্থল 'ফুড ভিলেজ' হাইওয়ে রেস্তোরাঁয় যাত্রী হয়রানি ও অসন্তোষ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের অভিযোগ—রেস্তোরাঁটিতে খাবারের গুণমানের তুলনায় দ্বিগুণ-তিনগুণ দাম হাঁকানো হচ্ছে। এর ওপর প্রতিবাদ জানাতে গেলে ওয়েটার ও কর্মচারীদের চরম অশালীন আচরণের শিকার হতে হচ্ছে দূরপাল্লার বাসযাত্রীদের।

​যাত্রীদের অভিযোগ, উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী বাসগুলো নির্ধারিত বিরতির জন্য ফুড ভিলেজে থামলে তাদের সামনে খাবার গ্রহণের জন্য কোনো বিকল্প থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে কোনো মূল্যতালিকা প্রদর্শন না করেই সাধারণ মানের ভাত, ডাল, সবজি ও মাংসের চড়া দাম আদায় করা হচ্ছে। সাধারণ একটি খাবারের প্লেটের দামও সাধারণ রেস্তোরাঁর তুলনায় কয়েকগুণ বেশি রাখা হচ্ছে।

​শুধু অতিরিক্ত মূল্যই নয়, পরিবেশনকারী ওয়েটারদের দুর্ব্যবহার নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এক যাত্রী জানান, "খাবারের বিলের অসংগতি কিংবা সার্ভিসের বিলম্ব নিয়ে কিছু বলতে গেলেই ওয়েটাররা দলবেঁধে তেড়ে আসে এবং আপত্তিকর ভাষায় কথা বলে।" বাস ছাড়ার সময়সীমার তাড়া থাকায় অনেক সময় বাধ্য হয়েই অপমান সহ্য করে ও অতিরিক্ত বিল মিটিয়ে যাত্রীদের প্রস্থান করতে হয়।

​ভুক্তভোগী যাত্রীদের দাবি, হাইওয়ে রেস্তোরাঁটি বাস চালক ও সুপারভাইজারদের কমিশন সুবিধা দিয়ে নিয়মিত গাড়ি থামানোর ব্যবস্থা করে যাত্রীদের জিম্মি করে রেখেছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের অবিলম্বে এই অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান ও জরিমানা জোরদার করা উচিত বলে মনে করছেন সাধারণ যাত্রীরা।

মন্তব্যComments

↑