বগুড়া শহরের জনপ্রিয় ফুচকা ও চটপটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ভাইবোন’-এর মূল কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাইরের চাকচিক্যের আড়ালে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা এবং কারখানার কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মালতিনগর এলাকায় অবস্থিত এই কারখানায় যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।অভিযান চলাকালীন দেখা যায়, খাবার তৈরির টেবিলের ঠিক পাশেই ইঁদুর ধরার ফাঁদ পাতা রয়েছে। এমনকি প্রস্তুত করা খাবারের ওপর কবুতরের খাঁচা থেকে বিষ্ঠা ও ময়লা পড়ার দৃশ্যও চোখে পড়ে। এছাড়া কয়েক দিনের পুরোনো পচা ডিম, মানহীন গাজর ও শসা এবং নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে ফুটন্ত গরম টক সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে।ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল জানান, কারখানাটির পরিবেশ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ ছিল। অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং পরিবেশ উন্নয়নের জন্য ১২ দিনের সময় চেয়েছে। এই সময়ে সব ধরনের উৎপাদন বন্ধ থাকবে।বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, জনস্বার্থে নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে না।
বগুড়ায় সুনামধন্য ফুচকা ও চটপটির দোকানের ফ্যাক্টরিতে ইঁদুরের ফাঁদ ও কবুতরের বিষ্ঠার পাশেই তৈরী হচ্ছিল মজাদার ফুচকা ও চটপটি
বগুড়া প্রতিনিধি | বগুড়া সিটি নিউজ
মন্তব্যComments