বিদ্যুৎ খাতে ৬০ হাজার কোটি টাকার বিশাল দেনা: বকেয়া মিটিয়েও সরবরাহ স্বাভাবিক রাখার ঘোষণা প্রতিমন্ত্রীর
বগুড়া সিটি নিউজ : আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া প্রায় ৬০ হাজার কোটি টাকার বিদ্যুৎ বকেয়া বর্তমান সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এই বিপুল পরিমাণ দেনা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়ানোর বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দ্রুত বিদ্যুৎ মেটাতে গিয়ে অতীতে চড়া দামে বিদ্যুৎ কেনা হলেও যথাসময়ে সেই অর্থ পরিশোধ করা হয়নি। অর্থ ও বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, প্রায় ৬০ হাজার কোটি টাকার দেনা রেখে আগের ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করেছে। ফলে এই বকেয়া পরিশোধের বড় দায় এখন সরকারের ওপর এসে পড়েছে।
তিনি আরও জানান, একটি দায়বদ্ধ সরকার হিসেবে আমরা বকেয়া পরিশোধের ব্যবস্থা করছি। একই সঙ্গে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে। পাশাপাশি সৌর, বায়ু, বর্জ্য ও জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা ভবনগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, ডাকবাংলো ও সিটি করপোরেশন ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর কাজ শুরু হচ্ছে। নেট মিটারিং পদ্ধতিতে উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এই প্রকল্প পুরোদমে বাস্তবায়িত হলে ২০০ থেকে ২৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্যComments